বগুড়ার শিবগঞ্জে শতবর্ষী শ্মশান দখল করে এক আওয়ামী লীগ নেতার মার্কেট নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ঐ মার্কেট নির্মাণ বন্ধে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এক রিট আবদেনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জে এম জেড চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে শিবগঞ্জের আওয়ামী লীগ নেতা আজিজুল হক শ্মশান দখল করে মার্কেট নির্মাণের একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতে রিট করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেয়।