সেলফি তোলার নেশায় প্রাণ গেল ভারতের জাতীয় পর্যায়ের এক অ্যাথলেটের। পূজা কুমারী নামের ওই অ্যাথলেট সেলফি তুলতে গিয়ে পা পিছলে পুকুরে পরে মারা গেছেন।
শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভারতের ভোপালের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই) সেন্টারের ভেতর দুর্ঘটনাটি ঘটে।
দু’বছর আগেই এসএআইয়ে যোগ দেন উত্তরাখণ্ডের পূজা কুমারী। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, এসএআই কমপ্লেক্সের ভিতর প্র্যাকটিসের পর পূজা ও দুই মহিলা অ্যাথলেট ক্রিকেট মাঠের পিছনের পুকুরের কাছে যান। সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন তারা। হঠাৎই পা পিছলে পুকুরে পড়ে যান তিনি।
এসএআইয়ের এক কর্মকর্তা জানান, পূজা সাঁতার জানতেন না। জলে পড়ে যাওয়া মাত্র সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। তার সঙ্গে যে দু’জন ছিলেন তারাও সাঁতার জানতেন না। বান্ধবীকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েন তারা। বাকিদের খবর দিতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দু’জন। তবে ঘটনাস্থলে বাকিরা পৌঁছাতে পৌঁছাতেই সব শেষ।