রাজধানীর হাজারীবাগে অবস্থিত ট্যানারিগুলো সাভারের সরানোর ক্ষেত্রে মালিকরা ছলছুতা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৬’ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেছেন, সাভারের হরিণধরা এলাকায় আমরা ট্যানারি শিল্প তৈরি করে দিয়েছি। সেখানে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ট্যানারি মালিকরা অযথা দেরি করছেন। তাদের বারবার বলা সত্ত্বেও নানা ছলছুতা নিয়ে কেন দেরি করে আমরা জানি না। এটা করা ঠিক না।
তিনি বলেন, ট্যানারি মালিকরা দ্রুত ট্যানারি স্থানান্তর করলে হাজারীবাগ পরিবেশ আবার ফিরে পাবে।
প্রধানমন্ত্রী বলেন, যেখানেই শিল্প হবে সেখানেই জলাধার থাকতে হবে। এটি নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয় ‘যথাযথ’ ব্যবস্থা নেবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ভালভাবে নিরুপণ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ‘জাতীয় পরিবেশ পদক’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ এবং বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ তুলে দেন বিজয়ীদের হাতে। বিতরণ করা হয় সামাজিক বনায়নের লভ্যাংশের চেক।