যুক্তরাষ্ট্রের মাটিতে বল হাতে উজ্জ্বল সাকিব

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে গড়ালো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ।  আর সেখানে প্রথম খেলতে নেমেই বল হাতে আলো ছড়ালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
জ্যামাইকা তালওয়াসের হয়ে চার ওভারে মাত্র ২৫ রান খরচায় এক উইকেট নেন তিনি।  তবে ৬৩ রানের হারের স্বাদ নিতে হয় টাইগার সেরা অলরাউন্ডারকে।
 
ফ্লোরিডায় জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকসের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ৮ উইকেট হারিয়ে জ্যামাইকার ইনিংস থামে ১৪৩ রানের মাথায়।
 
এবারের আসরে জ্যামাইকার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন সাকিব। আমেরিকার এই ম্যাচেও ব্যতিক্রম হয়নি। ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা আর আন্দ্রে রাসেলদের সঙ্গে জ্যামাইকার হয়ে মাঠে নামেন সাকিব।
 
অন্যসব বোলাররা যখন লুসিয়ার ব্যাটসম্যানদের কাছে নাকাল, সাকিব তখন বল করে গেছেন আপন ফর্ম ধরে রেখে। জ্যামাইকার কিপটে বোলারও তিনি। ৪ ওভার বল করে একটি উইকেট তুলে নিয়েছেন মাত্র ২৫ রান খরচায়। তবে, ব্যাটিংয়ে নেমে খালি হাতেই ফিরতে হয় সাকিবকে।
আগে ব্যাটিংয়ে নামা লুসিয়ার ওপেনার আন্দ্রে ফ্লেচার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার ৪৯ বলের ইনিংসে ছিল চারটি করে চার ও ছক্কার মার। আরেক ওপেনার জনসন চার্লস করেন ৫৯ রান। সাকিবের বলে পাওয়েলের হাতে ধরা পড়ার আগে তার ৩৭ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। ওপেনিং জুটি থেকেই তারা ৮৯ রান তুলে নেন।
 
তিন নম্বরে নামা শেন ওয়াটসন রীতিমতো ব্যাটে ঝড় তুলেন। মাত্র ২০ বলে একটি চার আর পাঁচটি ছক্কা হাঁকিয়ে অজি এই তারকা করেন ৪৩ রান। ডেভিড মিলার ১৩ এবং দলপতি ড্যারেন স্যামি করেন ১১ রান। ব্যাট হাতে নামতে হয়নি গ্রান্ট ইলিয়ট আর মাইক হাসিদের।
২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুত বিদায় নেন জ্যামাইকার দলপতি ক্রিস গেইল। ৬ বলে দুটি ছক্কায় ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। তিন নম্বরে নামা কুমার সাঙ্গাকারা ৮ বলে ১৮ আর চার নম্বরে নামা রভম্যান পাওয়েল ২ রানে বিদায় নেন। আরেক ওপেনার চাদউইক ওয়ালটন ৫১ বলে সাতটি চারের সাহায্যে করেন ৫৪ রান।
 
অ্যালেক্স রস ২৩ রান করে বিদায় নেন। ১৯তম ওভারে আউট হন ১২ রান করা আন্দ্রে রাসেল। এরপর নামেন সাকিব। তবে, নিজের প্রথম বলেই জনসনের বলে বোল্ড হন তিনি। ৮ উইকেট হারানো জ্যামাইকার ইনিংস থামে ১৪৩ রানে।
 
তবে হারলেও সাকিবের জ্যামাইকা ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করেছে।  ৯ ম্যাচ খেলে ৬টি জয় আর দুটি পরাজয়ের পাশাপাশি তার দলের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। জ্যামাইকার পয়েন্ট ১৩।