নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেছেন, তাঁর বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে। রবিবার বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন ছাত্র-শিক্ষকের নাম এসেছে। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। এই প্রেক্ষাপটে ‘নর্থ সাউথের বুকে বাংলাদেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, দেশ যখন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন করছে, তখন বিশ্ব জঙ্গিবাদ ও তাদের এদেশীয় দোসররা ষড়যন্ত্র শুরু করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলছে, তারা দমবে না।
আতিকুল ইসলাম আরও বলেন, জঙ্গিবাদ দমনে সরকার, আইন-প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সহযোগিতার পাশাপাশি যা যা করা সম্ভব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তা করবে। নর্থ সাউথের বুকে বাংলাদেশ ছিল, আছে, থাকবে।