রাজধানীতে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে মতিঝিলের ফকিরাপুলের হোটেল ক্রিসেন্টের একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
 
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী মতিঝিল থানায় মামলা করেছেন। ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
 
মতিঝিল থানার পরিদর্শক(তদন্ত) গোলাম রাব্বানী জানান, হবিগঞ্জের বাহুবল এলাকা থেকে ওই তরুণীকে ইউসুফ বাসে করে গতকাল(শনিবার) সন্ধ্যায় ঢাকায় পৌঁছে। তরুণী মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে দেয়ার কথা বলে তাকে নিয়ে আসা হয়।।
 
শনিবার সন্ধ্যায় তারা ক্রিসেন্ট এর একটি কক্ষ ভাড়া নেয়। এরপরে রবিবার সকাল ৯-১০টার দিকে ওই তরুণী কক্ষ থেকে বের হয়ে চিৎকার করতে থাকে। তিনি অভিযোগ করেন, রাতে ঘুমের মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে।
 
খবর পেয়ে পুলিশ ওই হোটেল থেকে ইউসুফকে গ্রেফতার করে। তরুণীর মেডিকেল রিপোর্টের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।