দেশের ঘরোয়া ক্রিকেটের বাইরে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক হারমানপ্রিত কর।
বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের হয়ে খেলবেন ভারতের এই তারকা অলরাউন্ডার। রবিবার ক্লাবের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়।
দেশের বাইরে কোনো ক্রিকেট বোর্ডের অধীনে খেলার জন্য বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, সুরেশ রায়নাদের দরজা আপাতত বন্ধই রয়েছে। তবে, ভারতীয় বোর্ড নারী ক্রিকেটারদের দেশের বাইরে খেলার সুযোগ করে দেয় গত মাসে। আর এমন সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে হারমানপ্রিত কাউর খেলতে যাবেন বিগ ব্যাশে।
প্রথমবারের মতো অজিদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নারীদের বিগ ব্যাশ অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর বসবে। সিডনি থান্ডারর্সের হয়ে দ্বিতীয় আসরে খেলবেন হারমানপ্রিত।