ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের তিনযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছৈন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এই দুর্ঘটন ঘটে।
নিহতরা হলেন-হাজী দুধু মিয়া (৬৫), রুম্মান মিয়া (২৫) ও রফিয়া খাতুন (৪২) । আহতরা হলেন- জামাল মিয়া (৩৯), আবদুল কাইয়ূম (৭৩), জুনায়েদ হোসেন (২৪), জাহিদুল (১২), হাবীবাহ্ (০২), ওমর মিয়া (০৩) ও মরিয়ম (০৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে আশুগঞ্জ থেকে আসা সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে তিনজন মারা যান। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।