শিগগিরই পেটেন্ট-দ্বন্দ্বের ক্ষতিপূরণ চায় অ্যাপল

স্মার্টফোন নকশার পেটেন্ট নিয়ে করা এক মামলায় স্যামসাংয়ের কাছ থেকে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পথ দ্রুত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে অ্যাপল। গত শুক্রবার এ আবেদন জানায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
২০১১ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে আইফোনের পেটেন্ট, নকশা ও ট্রেডমার্ক নীতি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল।
 
গত শুক্রবার আইন-বিষয়ক এক বিবৃতিতে অ্যাপল জানায়, স্যামসাং এখনো নকশা পেটেন্ট লঙ্ঘনে সম্পূর্ণ পণ্যের পরিবর্তে একটি অংশের ওপর সিদ্ধান্ত নেয়ার যুক্তির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। সর্বোচ্চ আদালতের নির্দেশে মামলাটিকে পরবর্তী কার্যক্রমের জন্য আবার নিম্ন আদালতে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না।
 
বিষয়টি ঘিরে স্যামসাংয়ের একজন প্রতিনিধি তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিনের পুরনো মামলাটির রায় অ্যাপলের পক্ষে গেলে তা সৃজনশীলতাকে খর্ব করবে। পাশাপাশি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
 
২০১২ সালে আদালত ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলকে ৯৩ কোটি ডলার পরিশোধে স্যামসাংকে নির্দেশ দেয়। স্যামসাং ওই রায়ের পর থেকে ক্ষতিপূরণের অঙ্ক কমানোর চেষ্টা করছে।
 
২০১৫ সালের মে মাসে স্যামসাংয়ের প্রচেষ্টা কিছুটা হলেও কাজে দেয়। সে সময় ইউএস কোর্ট অব আপিল ফর দ্য ফেডারেল সার্কিট ট্রেডমার্ক নীতি ভঙ্গের দায়ে ধার্য করা ক্ষতিপূরণ পুনর্বিবেচনায় নিয়ে কমিয়ে দেয়। একই সঙ্গে আইফোনের সামনের দিকের গোলাকার অংশ, সরু রঙিন আইকন গ্রিড ও বেজেলসহ পেটেন্ট নীতি লঙ্ঘনের দায়ে মামলা চালুর নির্দেশ দেয়, যা বর্তমানে আপিল বিভাগে ঝুলে আছে।
 
সর্বশেষ চলতি বছর জুনে নানা আইনি প্রক্রিয়া শেষে চলমান মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠানো উচিত বলে জানায় বিচার বিভাগ। কিন্তু অ্যাপল দাবি করে, স্যামসাংকে আরো যুক্তি দেখাতে সর্বোচ্চ আদালতের অনুমতি দানে কোনো কারণ ছিল না।