আমরা চাপে নেই, ইংল্যান্ডই চাপে থাকবে : রুবেল

 
আসন্ন ইংল্যান্ড সফর প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন বলেন, আমরা চাপে নেই, ইংল্যান্ডই চাপে থাকবে। মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি আরো জানান, সফরে বাংলাদেশ ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকবে।
 
ইংল্যান্ডের থেকে বাংলাদেশের এগিয়ে থাকার কারণ ব্যাখ্যা করে রুবেল বলেন, ওদের সঙ্গে আমাদের অনেকগুলো সেরা মুহূর্ত আছে। অনেকগুলো জয়ের রেকর্ড আছে। বেশ ভাল কিছু ইতিহাস আছে। সর্বশেষ দেখাতেও (বিশ্বকাপে) ওদের বিরুদ্ধে খুব ভাল ভাবে ম্যাচ জিতেছি আমরা। সেই স্মৃতিগুলো এখনও সতেজ আছে। তাছাড়া এবার আমাদের মাঠেই ওদের সঙ্গে খেলা। সেদিক থেকেও বাড়তি সুবিধা পাচ্ছি আমরা। সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে, কিন্তু সব মিলিয়ে আমরাই এগিয়ে থাকব।
 
ইংল্যান্ড সফরে আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আসলে আমাদের হাতে নেই। আমরা কিছু বলতেও পারব না। তবে এতটুকু বলতে পারি, এই সফর নিয়ে শঙ্কার কিছু নেই। আমরা চাই ওরা আসুক। আমরা খেলার জন্য মুখিয়ে আছি।
 
মুস্তাফিজের ইনজুরিতে দলে এখন রুবেলে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি কিনা জানতে চাইলে রুবেল বলেন, মুস্তাফিজের দলে থাকা বা না থাকার সঙ্গে আমার দলে নিয়মিত হওয়ার কোন সম্পর্ক নেই। আর মুস্তাফিজের সঙ্গে কারো তুলনা হয় না। সে বিশ্বের মেধাবী এক খেলোয়াড়। আমরা চাই ও দ্রুত ফিরে আসুক। আর দলে নিজের যোগ্যতা দিয়েই সুযোগ পেতে চাই।