নূর হোসেনের স্ত্রী গ্রেফতার

দুর্নীতির একটি মামলায় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নিজ বাড়ি থেকে রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করা হয়। 
 
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, দুদক প্রধান কার্যালয়ের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় সকালে নূর হোসেনের স্ত্রীকে গ্রেফতার করেছে। 
 
তিনি জানান, অবৈধ সম্পদ রাখার অভিযোগে রমনা থানায়  নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। 
 
নারায়গঞ্জের আলোচিত সাত খুন মামলায় নূর হোসেন এখন কারাগারে আছেন।