অলিম্পিকে অংশ নেওয়ার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। প্রথম খেলোয়াড় হিসেবে রজার্স কাপের চারটি শিরোপা জিতলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
টরন্টো মাস্টার্সের ফাইনালে জাপানি টেনিস তারকা কেই নিশিকোরিকে হারিয়ে ক্যারিয়ারের ৬৬তম একক শিরোপা জিতলেন বিশ্বের শীর্ষ টেনিস তারকা নোভাক জোকোভিচ।
কানাডার টরন্টোয় জাপানিজ তারকা কেই নিশিকোরিকে সরাসরি সেট ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগান জোকোভিচ। দু’জনের মধ্যে দ্বিতীয় সেটেই কেবল প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। তবে ম্যাচটাকে তৃতীয় সেটে যেতে দেননি ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
৮১ মিনিটের এই খেলায় নিশিকোরিকে পাত্তাই দেননি সার্বিয়ান তারকা। গেম জিতে নেন ১০-২ সেটে। জোকোভিচ বলেন, ‘চলতি সপ্তাহের শুরুর দিকে আমি এতটা নিশ্চিন্ত ছিলাম না। তবে ধীরে ধীরে আমি আত্মবিশ্বাস পেতে শুরু করি।’
আর এই আত্মবিশ্বাসের জোরেই নিশিকোরিকে দাড়াতে দেন নি জোকোভিচ। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও পুরো ম্যাচই ছিলো জোকোভিচের দখলে। নিশিকোরি বলেন, ‘ফাইনালে হারাটা হতাশাজনক। সামনের সপ্তাহে অলিম্পিকে এই স্মৃতি নিয়েই যেতে হচ্ছে আমাকে ‘
আর অলিম্পিকে স্বর্ণের লক্ষ্যে খেলতে যাচ্ছেন জোকোভিচ। এই জয় নিশ্চিতভাবেই তার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন, ‘অলিম্পিকে অংশগ্রহণ করতে পারাটা দারুণ। আমি আমার সর্বোচ্চ চেস্টা করবো স্বর্ণের জন্য।’