পেলে ও ম্যারাডোনার চেয়েও লিওনেল মেসি সেরা ফুটবলার বলে মন্তব্য করলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিশ্ব যুব দিবসের এক সভায় পোপ ফ্রান্সিস বলেন, ‘আমার কাছে পেলে ও ম্যারাডোনা থেকেও সেরা মনে হয় মেসিকে।’
পোপ ফ্রান্সিস নিজে ফুটবলের পাগল। ৭৯ বছর বয়সী এই ধর্মীয় নেতা আবার আর্জেন্টিনার বাসিন্দা। আর বিশ্বসেরাদের সেরা বানাতে তিনি তার দেশের তারকা স্ট্রাইকার মেসিকেই বেছে নিলেন।
সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিকে আগেও ব্রাজিল কিংবদন্তি পেলে ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়েছে। এমন তুলনা অবশ্য তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও করা হয়।