কুষ্টিয়ায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

 
কুষ্টিয়ায় সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গি,নাশকতা ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত আদর্শ ডিগ্রি কলেজের সামনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 
মানববন্ধন চলাকালে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভায় বক্তব্য রাখেন- কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ বাবু নারায়ণ চন্দ্র পাল, কলেজ প্রতিষ্ঠাতা  মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন, উপাধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক অন্নদা প্রসাদ মোহন্ত, বাবু অজয় কুমার পোদ্দার, বদরুজ্জামান প্রমুখ। 
 
বক্তারা বলেন, জঙ্গি তৎপরতায় লিপ্ত ব্যক্তিরা দেশ,জাতি ও ইসলামের শত্রু। দেশের উন্নতি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী ইসলামের নামে জঙ্গিবাদ,নাশকতা, গুপ্তহত্যা ও সন্ত্রাসকে উস্কে দেয়ার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত ও তাদের রুখে দেয়ার জন্য বক্তারা আহ্বান জানান।