বড়াইগ্রামে রাস্তা সংস্কার না করায় ভোগান্তি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে মাত্র ৫শ মিটার রাস্তা সংস্কার না করায় হাজারো মানুষ ‍দুর্ভোগের শিকার হচ্ছেন।
 
স্থানীয়রা জানান, আহম্মেদপুর বাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবসা কেন্দ্র। এ হাটে বিভিন্ন সামগ্রী বিক্রয়ের জন্য কমপক্ষে আড়াই শ ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি রাইস মিল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে।  
 
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকায় অনেক আগেই রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপে এখন ইটের খোয়া উঠে গিয়ে পুরো রাস্তা কাদায় ভরে গেছে।
 
স্থানীয় ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, আমাদের পাকা রাস্তা কাঁচা রাস্তার চেয়েও খারাপ। মালামাল আনা নেয়াসহ হাটের পণ্য সামগ্রী ট্রাকযোগে আনা নেয়া করতে ভোগন্তির অন্ত নেই।
 
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আইআরআইডিপি প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।