ইতালির কোস্টগার্ড জানিয়েছে, তারা রবিবার ভূমধ্যসাগর থেকে পাঁচ শরণার্থীর লাশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত লিবীয় উপকূল থেকে উদ্ধার হয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি লোক।
ইতালি কোস্টগার্ড টুইটারে জানায়, ‘ইতালির নৌবাহিনীর জাহাজ ভেগা অভিযান চালিয়ে সমুদ্রের তীরবর্তী এলাকা থেকে পাঁচজনকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজন জ্ঞান ফিরে পেলেও অপর দু’জন মারা যায়।’ জার্মান ত্রাণ সংস্থা জুগেন্ড রিত্তাত জানায়, তাদের জাহাজও রাবারের তৈরি একটি ডিঙি নৌকার ওপর থাকা ১৩০ জনের প্রাণ বাঁচাতে ওই একই অভিযানে অংশ নেয়। সেখান থেকে তারা জীবিতদের পাশাপাশি দু’জনের লাশ উদ্ধার করে। ইতালির নৌবাহিনী ও মাল্টা ভিত্তিক ত্রাণ সংস্থা এমওএএস একটি নৌযান থেকে ৪৭০ শরণার্থীকে উদ্ধার করে। সেখান থেকে পঞ্চম ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এদিকে ওইদিন উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়া উপকূল থেকে এক হাজার ১০০ শরণার্থীকে উদ্ধার করা হয়। এনিয়ে বৃহস্পতিবার থেকে মোট ছয় হাজার ৫৩০ জনকে উদ্ধার করা হল। -এএফপি