আফগানিস্তানের আইএস জঙ্গিরা পাকিস্তান থেকে যাওয়া

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেটের (আইএস) প্রায় ৭০ ভাগ যোদ্ধা হলো পাকিস্তানি তালেবান, যারা তাদের দেশ (পাকিস্তান) থেকে বিতাড়িত হওয়ার পর আইএসে যোগ দিয়েছে। আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন ডব্লিউ নিকলসন এমনটাই বলেছেন। খবর দ্য ডন অনলাইনের।
 
পেন্টাগনে সোমবার ওয়াশিংটনভিত্তিক সাংবাদিকদের নিকলসন বলেন, ‘খোরাসান প্রদেশের আইএসের বেশিরভাগ সদস্য এসেছে তেহরিক-ই-তালিবান (টিটিপি) থেকে।’ তিনি আরো জানান, এসব সন্ত্রাসীদের অনেকেই পাকিস্তানের জারব-ই-আজব সামরিক অভিযানের ফলে দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। ওই শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা স্বীকার করেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ১৫ বছর ধরে লড়াই করা সত্ত্বেও, দেশটিতে এখনো এক ডজন সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে।