পোকেমন গো নিষিদ্ধ করল ইসরাইল সেনাবাহিনী

সম্প্রতি মুক্তি পেয়েছে অগমেন্টেড রিয়ালিটি গেম 'পোকেমন গো'। এ নিয়ে এখন উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। তবে এই উন্মাদনা আবার ইসরাইলের সেনাবাহিনীর কাছে নতুন এক 'হুমকি'র নাম! আর তাই এই হুমকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেনাসদস্যদের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
এ নিয়ে ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে সেনাক্যাম্পে পোকেমন গো খেলা নিষিদ্ধ।
 
সেনাসদস্য ও সেনাকর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক আদেশে ইসরাইল সেনাবাহিনী আরও জানিয়েছে, পোকেমন গো স্মার্টফোনের ক্যামেরা ও লোকেশন সেবা সক্রিয় করে তোলে। এতে সেনা ক্যাম্পের অবস্থান ও এর আশপাশের ফটোগ্রাফের মতো সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আর সে জন্য পোকেমন গো নামক হুমকির ব্যাপারে সতর্ক থাকতে হবে।