মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলে সম্বোধন করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনিসেলভেনিয়ায়র একটি হাইস্কুল জিমের সভায় তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারির প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্স হিলারির কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেন ট্রাম্প।
স্যান্ডার্সকে উদ্দেশ করে ট্রাম্প বলেছেন, তিনি শয়তানের (হিলারি) সঙ্গে একটি সমঝোতা করেছেন। তিনি (হিলারি) শয়তান।
প্রয়াত এক মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নেতাদের তোপের মুখে আছেন ট্রাম্প।
রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এক বিবৃতিতে ট্রাম্পের সমালোচনা করেছেন।
২০০৪ সালে ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন ২৭ বছর বয়সী মার্কিন সেনা হুমায়ুন খান। গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হুমায়ুনের আত্মত্যাগ স্মরণ করে ভাষণ দেন তার বাবা খিজির খান। সেখানে মুসলিমবিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। এই বক্তব্যের পর খিজির খান ও তার স্ত্রী গাজালা খানের নিন্দা করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।