বেনাপোল সীমান্তে চোরাচালান রোধে নারী বিজিবি মোতায়েন

চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  ১৪ জন নারী সদস্য মোতায়ন করা হয়েছে। প্রসঙ্গত, দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ২৩২ বছরের ইতিহাসে এই প্রথম বারের মত সৈনিক পদে ৯৭ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। এ বছরের শেষের দিকে আরো ১০০ নারী সৈনিকের নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
বিজিবি জানায়, চোরাচালানীরা কৌশল বদলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের ব্যবহার করছে। এতে তল্লাশি করতে বিজিবি সদস্যদের নানা সমস্যায় পড়তে হয়। নারীদের তল্লাশির জন্য এ সীমান্তে  ১৪ নারী বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
 
বিজিবি সুবেদার নজরুল ইসলাম বলেন, পুরুষ সৈনিকের পাশাপাশি এখন নারী সৈনিকরা বেনাপোল সীমান্তে কাজ করবে। তারা বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প, বেনাপোল সদর বিজিবি ক্যাম্প ও আমড়াখালী বিজিবি চেকপোস্টে চোরাচালান প্রতিরোধে কাজ করবেন। ভারতের পেট্রাপোল সীমান্তে ও নারী বিএসএফ কাজ করছে।