সম্পদের হিসাব দিতে হচ্ছে না ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে

 
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সম্পদের হিসাব আপাতত দিতে হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের কার্যক্রম মঙ্গলবার স্থগিত করেছে হাইকোর্ট।
 
একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৭ (২) (৪) ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এই বিধিমালার ক্ষমতাবলে দুদক সম্পদের হিসাব চেয়ে ডেসটিনির শীর্ষ কর্ণধারকে নোটিশ দিয়েছিল। পরে ঐ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা।
 
ঐ রিটের শুনানি শেষে বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ উপরিউক্ত আদেশ দেয়।
 
দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান জানিয়েছেন, এই আদেশের ফলে তাদেরকে আপাতত সম্পদের হিসাব দিতে হচ্ছে না। তবে এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করবে।
 
গত ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয়। এরপর তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক সাতদিন সময় দেয়। কিন্তু গত ১৪ জুলাই সময় পেরিয়ে গেলেও সম্পদের হিসাব দেননি তারা। পরে তারা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
 
সম্প্রতি রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন দুটি অর্থপাচার মামলায় হাইকোর্ট শর্তাসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করে।