শিগগিরই বোলিং কোচ চান রুবেল হোসেন

হিথ স্ট্রিক যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের পদটি খালিই রয়ে গেছে। শিগগিরই এ স্থান পূরণ করার ব্যাপারে দাবি জানালেন টাইগার পেসার রুবেল হোসেন।
 
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের দ্রুতই একজন বোলিং কোচ দরকার। তার কাছ থেকে আমরা নতুন অনেক কিছুই শিখতে পারব। পেশাদার ক্রিকেটার হিসেবে ভিন্ন ভিন্ন কোচদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর শেখার তো কোনো শেষ নেই। আমি যখন নেটে নতুন কিছুর চেষ্টা করি, একজন কোচ সেখানে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন।’
 
হিথ স্ট্রিক দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের আকিব জাভেদকে প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দেন আকিব। এখন অবশ্য বিসিবি হাই পারফর্মেন্স ইউনিটের বোলিং কোচ হিসেবে সাতদিনের সফরে ঢাকাতেই রয়েছেন আকিব।
 
তার ব্যাপারে রুবেল বলেন, ‘সুইং, বিশেষ করে রিভার্স সুইংয়ের ব্যাপারে পাকিস্তানের বোলারদের পরামর্শ ভালো কাজে দেয়। তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের।’
 
২০১৫ সাল থেকেই মাঠের বাইরে রয়েছেন রুবেল। তাই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন এই পেসার। লড়াইয়ে একজন বোলিং কোচকে পাশে চান তিনি।
 
তিনি বলেন, ‘অনুশীলনে লম্বা সময় ধরে নতুন ডেলিভারি নিয়ে কাজ করছি। নতুন এই বলটা পিচ করার পর স্লো হয়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত আমি শুধু দ্রুতগতির বলই করতে পারি। বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ ক্রিকইনফো