বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। 
 
সোমবার লন্ডনে জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতাবিরোধীরা এখনো দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করতে পারবে না। 
 
জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাঙালি একাত্তরে একতাবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের স্থান হবে না।
 
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সামছুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।-বাসস।