ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা মোহামেডান আবারো পয়েন্ট হারালো। মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাদা-কালোরা।
দুই দলের খেলায় ছিল না প্রত্যাশিত ধার। ২২তম মিনিটে সেনেগালের ডিফেন্ডার ইয়াইয়া সির বাড়ানো বলে মোহামেডান অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধে ভালো একটি সুযোগ পেয়েছিল ফেনী সকার। কিন্তু ৮১তম মিনিটে ঘানার ফরোয়ার্ড এনটিম ফ্রাঙ্কের শট দূরের পোস্ট দিয়ে বাইরে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
চলতি লিগে এখনও জয়ের স্বাদ পায়নি ঐতিহ্যবাহী এই দলটি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ১-১ ড্র দিয়ে লিগ শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ৪-২ ব্যবধানে হারে।