২ বছরের শিশু ফেলে পোকেমন গো খেলতে বেরিয়ে গ্রেফতার দম্পতি

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রচণ্ড গরমে শিশুকে ফেলে রেখে পোকেমন গো খেলতে যাওয়ায় গ্রেফতার হয়েছে তার বাবা-মা। সোমবার রাজ্যের পিনাল কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে এ কথা।
 
পুলিশ জানায়, ব্রেন্ট ডেলি ও ব্রিয়ান ডেলি প্রচণ্ড গরমে দুই বছরের শিশু সন্তানকে ফেলে পোকেমন গো খেলতে বাইরে চলে গিয়েছিলেন। ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শিশুকে একা ফেলে তারা পোকেমন গো খেলতে চলে গিয়েছিলেন। শিশুটির দুরবস্থা থেকে প্রতিবেশী পুলিশকে ফোন দিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, পুলিশ যখন শিশুটিকে উদ্ধার করে তখন শিশুটি খালি পায়ে কাঁদতে কাঁদতে লাল হয়ে গিয়েছিল এবং বাসার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। 
 
বাসায় ব্রেন্ট ডেলির ফোন নাম্বার পেয়ে তাকে ফোন করা হলে জবাবে তিনি বলেন, তো কী করার আছে! এ কথা বলে ফোন রেখে দেন। এই দম্পতি পরে স্বীকার করেছেন, তারা বিভিন্ন এলাকায় গাড়িতে করে পোকেমন খুঁজে বেড়িয়েছেন। শেরিফ পল বাবেউ বলেছেন, এই অপরাধটা সতর্কবার্তা- এই দম্পতি যা করেছে তা বর্ণনাতীত। এনবিসি।