ইতোপূর্বে লা লিগা ও বুন্দেসলিগায় সাফল্য পেলেও ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে পেপ গার্দিওয়ালাকে ইংল্যান্ডে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে তিন বছর দায়িত্ব পালন শেষে চলতি মৌসুমেই ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলে সিটির কোচ হিসেবে যোগ দিয়েছেন গার্দিওয়ালা। এর আগে বার্সেলোনার কোচ থাকাকালীন দলকে ১৪টি শিরোপা জেতেন এ কোচ।
বার্সা ছেড়ে বায়ার্নে যোগ দিয়েও সাফল্য অব্যাহত রাখেন তিনি। জার্মান ক্লাবটিতে যোগ দিয়ে এক নাগারে তিনবার বুন্দেসলিগা ছাড়াও দুই বার জার্মান কাপের শিরোপা জয়ের পর এখন ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন গার্দিওয়ালা।
ব্রিটিশ গণমাধ্যমকে ক্লপ বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা প্রকৃত অর্থেই জমে উঠেছে। ইংল্যান্ডে শিরোপা জয় সকলের জন্যই নবচেয়ে বড় চ্যালেঞ্জের। ‘আপনি যদি এক নাগারে তিন বার স্প্যানিশ, বুন্দেসলীগা চ্যাম্পিয়ন হন তবে আপনার ভাবনা ঠিকই আছে, এবার অন্য কিছু চেষ্টা করে দেখা যাক। আপনি যদি সবচেয়ে বড় চ্যালেঞ্জের প্রত্যাশা করেন তবে আপনাকে ইংল্যান্ড যেতে হবে।’
পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে গত মৌসুম শেষ করা সিটি এবার উইঙ্গার লেরয় সেন ও নলিতো এবং জার্মান মিডফিল্ডার ইলকে গুয়েনডোগানসহ পাঁচ খেলোয়াড়কে দলে নিয়েছে। ইএসপিএন