ভিসা ছাড়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুর্কি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত আলোচনায় ইউরোপকে অবশ্যই তুরস্কের কাছে ব্ল্যাকমেইল হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জার্মানির ভাইস-চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল। ইইউতে ভিসামুক্ত প্রবেশের বিষয়টি ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে তুরস্কের ভূমিকার একটি প্রতিদান হিসেবে দেখা হয়।
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর একের পর এক কথিত সন্ত্রাসবিরোধী আইন প্রণয়নের কারণে ভিসা ছাড়া প্রবেশাধিকারের বিষয়টি আলোচনা করতে বিলম্ব করা হচ্ছে।
গ্যাব্রিয়েল বলেন, ‘ভিসা-ভ্রমণ হতে পারে কি-না, এটা তুরস্কের ওপর নির্ভর করে। জার্মানি ও ইউরোপের ব্ল্যাকমেইল হওয়ার অবস্থায় যাওয়া উচিত না।’ তিনি আরো জানান, পুনরায় মৃত্যুদণ্ড শুরু করার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে তুরস্ক নিজেকে বহুলাংশে ইউরোপ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তিনি বলেন, এই সনদটি ইইউর ‘একটি অপরিহার্য অংশ’ এবং তুরস্ক যদি ইইউর অংশ হতে চায়, তাহলে দেশটিকে এটা গ্রহণ করতে এবং অনুশীলনে নিয়ে যেতে হবে।
জার্মান ভাইস-চ্যান্সেলর বলেন, ‘মানদণ্ডটি বাস্তবায়ন করা এবং নিজেরা নিকৃষ্টতর না হওয়ার বিষয়টি তুরস্কের ওপর নির্ভর করে।’
উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু গত সপ্তাহে বলেছিলেন, যদি তুর্কিদের জন্য ইইউতে ভিসামুক্ত প্রবেশের সুবিধা না দেওয়া হয়, তাহলে শরণার্থীদের স্রোত কমানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের করা চুক্তিটি তিনি বাতিল হতে পারে। বিবিসি