সন্ত্রাস বিরোধী ধারায় দায়েরকৃত একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যকে মঙ্গলবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে মহানগর আদালত।
আদালত সূত্র জানায়, পতেঙ্গা থানায় দায়েরকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুরের আবেদন করলে চট্টগ্রাম মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল কাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার পতেঙ্গা থানার কাঠগড় এলাকার একটি ভাড়া করা বাড়ি থেকে জঙ্গি গ্রুপ এবিটি'র পাঁচ কর্মীকে আটক করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- আতিকুল ইসলাম ইমন, জমশেদুল আলম হৃদয়, আক্কাছ আলী নয়ন, রুবেল ও মহিউদ্দিন। পুলিশ তাদের কাছ থেকে দু'টি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন সেট ও শতাধিক জিহাদি লিফলেট উদ্ধার করে। পরে এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।