গত ২০১৫-১৬ অর্থবছরে প্রাথমিক হিসাবে রফতানি আয়ে প্রবৃদ্ধি নয় দশমিক ৭২ শতাংশ হয়েছিল বলে দেখা গিয়েছিল। তবে চূড়ান্ত হিসাব শেষে ওই প্রবৃদ্ধি আরো বেড়েছে। চূড়ান্ত হিসাব প্রতিবেদনে দেখা গেছে রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে নয় দশমিক ৭৭ শতাংশে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুন শেষের চূড়ান্ত হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্যমতে, গেল অর্থবছরের রফতানির লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে তিন হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ডলার। প্রাথমিক প্রতিবেদনে যার পরিমাণ দেখানো হয়েছিল তিন হাজার ৪২৪ কোটি ১৮ লাখ ডলার। আর গত বছর একই সময়ে আয় হয়েছিল তিন হাজার ১২০ কোটি ৮৯ লাখ ডলার।
প্রাথমিক হিসাবে একক মাস হিসাবে জুনে ৩৫৭ কোটি ৭৬ লাখ ডলার আয় হয়েছিল বলে দেখা যায়। অবশ্য চূড়ান্ত হিসাবে দেখা গেছে ওই মাসে ৩৫৯ কোটি ২৯ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। একক মাস হিসাবে জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩২৭ কোটি ৯০ লাখ ডলার। আগে অর্থবছরের জুন মাসে আয়ের পরিমাণ ছিল ৩০৬ কোটি ৪৫ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের জুনের তুলনায় রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ২৪ শতাংশ।
বিদায়ী অর্থবছরের রফতানি পরিসংখ্যানে দেখা গেছে, বরাবরের মত গেল অর্থবছরের রফতানিতেও সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নিটওয়্যার ও ওভেন খাত। এ দুই খাতের রফতানিতে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার পাশাপাশি ভাল প্রবৃদ্ধি হয়েছে। প্রাথমিক ও চূড়ান্ত প্রতিবেদনে এ দুই উপখাতের হিসাব একই আছে।