রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নববাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, পুলিশের কাছে তথ্য ছিল, কল্যাণপুরে অন্য জঙ্গিদের সঙ্গে আবদুল্লাহ নিহত হওয়ার প্রতিশোধ নিতে বল্লভপুরে আলমগীরের বাড়িতে বৈঠক হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে নবাবগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আলমগীরের তথ্য অনুযায়ী, তার বাড়ি থেকে ছয়টি ককটেল ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, গ্রেফতার আলমগীরকে মঙ্গলবার বিকেলে দিনাজপুর আমলি আদালত-৬ এ হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।