কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য আজ বুধবার রৌমারীতে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একদিনের এক সরকারি সফরে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।
একই দিনে রাজীবপুরের কোদালকাটি ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ।উপজেলা প্রশাসন ও দলীয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, উপজেলার বলদ মারা, খেদাইমারী এলাকায় বানভাসিদের মাঝে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন মন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন জানান, রৌমারী উপজেলা ও সাহেবের আলগা, অষ্টমীর ইউনিয়নে বন্যায় প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
অপরদিকে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ কোদালকাটি ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।