নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেলিগ্রামে ঘেঁষা চলনবিলে মাছ ধরার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত. আব্দুল মতিন ওরফে ভুট্টু মিয়া (৩০) উপজেলার তেলিগ্রামের বামুনহাটি এলাকার মুসলেম আলীর ছেলে।
জানা গেছে, রাতে ওই গ্রামের ১০/১২ জন জেলে নৌকা নিয়ে চলনবিলে মাছ ধরতে যান। নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও ভুট্টু মিয়া নিখোঁজ হন। পরে ভোরে তার লাশ উদ্ধার হয়।
শেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।