যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা কুমিল্লায় গ্রেফতার

 
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি মো. শহীদ উল্লাহ নামে এক সাবেক সেনা কর্মকর্তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
বুধবার সকালে শহীদ উল্লাহকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে। সে ঐ গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। জানা যায়, ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লাহকে (৭২) গ্রেফতার করতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে দাউদকান্দি মডেল থানায় গ্রেফতারি পরোয়ানার কপি আসে। মঙ্গলবার গভীর রাতে আমিরাবাদ গ্রামে অভিযান চালায় পুলিশ তাকে গ্রেফতার করে।
 
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, যুদ্ধাপরাধ মামলার আসামি ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লাহকে গ্রেফতারের পর পুলিশ পাহারায় তাকে ঢাকায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, ক্যাপ্টেন (অব.) মো. শহীদ উল্লাহর বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ও মানবতাবিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।