স্ন্যাপচ্যাটের 'ক্লোন' ফিচার ইনস্টাগ্রামে জুড়লো ফেসবুক

'স্টোরি' নামের নতুন এক ফিচার উন্মোচন করেছে ফেসবুক অধিকৃত ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রাম। এর সাহায্য নিয়ে সাইটটিতে সহজে ছবি ও ভিডিও আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা, যে ছবি বা ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
 
ফিচারটির নামটা কি পরিচিত মনে হচ্ছে? হতেই পারে, কারণ একই নাম ও কাজের একটি ফিচার আছে ছবি, ভিডিও, টেক্সট ও ড্রয়িংস শেয়ারের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের।
 
স্ন্যাপচ্যাটকে নকল করে ইনস্টাগ্রামের জন্য নতুন ফিচারটি কেন আনল ফেসবুক? সিএনএন মানির প্রতিবেদন মতে, স্ন্যাপচ্যাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ২০১৩ সালেই স্ন্যাপচ্যাটে 'উজ্জ্বল' ভবিষ্যতের সম্ভাবনা দেখে অ্যাপটিকে ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে কেনার প্রস্তাব দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। স্ন্যাপচ্যাট সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে টেক্কা দিতে স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচার নকল করা অব্যাহত রাখে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট। যার সর্বশেষ নজির, ইনস্টাগ্রামে স্ন্যাপচ্যাটের স্টোরি যুক্ত করার ঘোষণা।
 
সূত্রের প্রতিবেদনে আরও দাবি, 'পোক' বা 'স্লিংশট'-এর মতো ফিচারগুলো স্ন্যাপচ্যাটকে নকল করেই চালু করে ফেসবুক। কিন্তু তা স্ন্যাপচ্যাটের মতো ফেসবুকে জনপ্রিয়তা পায়নি। আর সে কারণেই এক সময় তা বন্ধ করে দেয় সংশ্লিষ্টরা।
 
IMG0
 
যাহোক, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বৈশ্বিকভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য তাদের নতুন ফিচারটি চালু করা হবে আগামী দুয়েক সপ্তাহের মধ্যেই।