পরকীয়ার জেরে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

আবহাওয়া অধিদপ্তরের কর্মী আব্দুর রাজ্জাক সরকারকে হত্যার দায়ে তার স্ত্রীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবদুর রহমান সরদার বুধবার এ রায় দেন।
 
 ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি আগারগাঁও নিউ কলোনির বাসায় শিল্পী ও তার কথিত প্রেমিক সাইফুল রাজ্জাককে হত্যা করেন বলে এ মামলার অভিযোগ।  শিল্পীর স্বামী আব্দুর রাজ্জাক সরকার ২০০৬ সালে হত্যাকাণ্ডের সময় আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার ছিলেন।
 
দুই আসামিকে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে  জরিমানাও করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়াসমিন ফেরদৌস শিল্পী এবং তার কথিত প্রেমিক মো. সাইফুল ইসলাম হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।