রিও অলিম্পিক

তিন ইভেন্টেই থাকছেন নাদাল

ইনজুরির কারণে চার বছর আগে লন্ডন অলিম্পিক থেকে নিজেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। শঙ্কাটা তৈরি হয়েছিল এবারও। তবে ভক্তদের সুখবর দিলেন রাফায়েল নাদাল নিজে। 

 
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত তিনটি ইভেন্টেই থাকছেন স্প্যানিশ তারকা। 
 
স্বদেশী ডেভিড ফেরারের সঙ্গে ৯০ মিনিট অনুশীলনের পর নাদাল বলেন, ‘আমার দলের সঙ্গে আলোচনার পর আমি সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি ইভেন্টেই খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে আছি। অনুশীলন কম-বেশি ভালোই হয়েছে। যদিও খুব ভালো অবস্থায় নেই। কিন্তু ঝুঁকি তো সব সময়ই থাকবে।’
 
ডান হাতের কব্জির ইনজুরির কারণে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডের আগে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। এরপর থেকেই কোর্টের বাইরে নাদাল। অংশ নিতে পারে নি উইম্বলডনেও।  ইনজুরির কারণে কব্জিটা এতদিন বাধা ছিলো পট্টি দিয়ে। গত মঙ্গলবার সেটা খুলে ফেলেছেন। নাদাল বলেন, ‘গত দুই মাসের মধ্যে সোমবার এবং মঙ্গলবার সবচেয়ে ভালো অনুশীলন করলাম।
 
চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ২০০৮ সালের অলিম্পিকে চিলির ফার্নান্দো গঞ্জালেসকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন নাদাল। চার বছর পর ইনজুরির কারণে লন্ডন অলিম্পিকে অংশ নেয়া হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করবেন নাদাল। একক ছাড়াও দ্বৈতে মার্ক লোপেজ এবং মিশ্র দ্বৈতে ফরাসি ওপেন জয়ী গার্বিন মুগুরুজার সঙ্গে কোর্টে নামার কথা তার। সুপার স্পোর্টস