ভোলার মনপুরা উপজেলার চৌমহনী বাজার সংলগ্ন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ভেসে গেছে প্রায় ৫ শতাধিক পুকুরের মাছ। এ ছাড়া কলাতলীচর, ঢালচর, চরনিজাম, চরশামসুউদ্দিন চরের চারপাশে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে এ সব চরাঞ্চল প্লাবিত হয়েছে।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, চরনিজামে বেড়িবাঁধ না থাকায় আমবশ্যার জোয়ারে বসতভিটা ডুবে গেছে।
১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পাওয়ায় মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী চর ডুবে আছে। মানুষ চরম দুর্ভোগে আছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী বলেন, জোয়ারের প্রবল চাপে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি।