চলতি মাসেই বোলিং কোচ পাচ্ছেন মাশরাফিরা

জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের পদত্যাগের পর থেকেই তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকজনের সাথে যোগাযোগও করে বিসিবি। এমনকি পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে বিসিবির পক্ষ থেকে প্রস্তাবও দেয়া হয়, বর্তমান চাকরিতে আগ্রহী থাকায় বিসিবির প্রস্তাবে সাড়া দেননি জাভেদ। 
 
এরপর  থেকে অন্যদের সাথে কথা চালিয়ে যায় বিসিবি। ইতিমধ্যে একজনকে বোলিং কোচের জন্য চূড়ান্তও করে ফেলেছে বিসিবি। তবে এখনই তার নামটা বলতে যাচ্ছেনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
 
বুধবার বোলিং কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বোলিং কোচ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক দিন ধরেই আমরা খোঁজাখুঁজি করছিলাম। একটা শর্ট লিস্টও করেছি। এখন কাকে নিবো তাকেও ফাইনাল করেছি। কিন্তু আমরা এখনই তার নামটা ঘোষণা দিতে পারছি না। সে এখন একটা জায়গায় আছে, এ মাসের শেষ দিকে তার চুক্তি শেষ হওয়ার কথা। 
 
পাপন যোগ করেন, সে অনুরোধ করছে যাতে এখনই তার নাম ঘোষণা করা না হয়। হঠাৎ করে ওদের বোর্ড শুনবে যে অন্যত্র চলে যাবে সে এটা চায় না। আশ করছি সে চলতি মাসের শেষ দিকে যে কোন দিন চলে আসবে।’