গ্যালাক্সি নোট৭ উন্মোচন করল স্যামসাং

বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং স্মার্টফোন মার্কেটে ধারাবাহিক সাফল্যের পর নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি নোট৭। নতুন এই ফোনটি দারুণ কিছু ফিচার যোগ করা হয়েছে।
 
স্যামসাং গ্যালাক্সি নোট৭ এর আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে রয়েছে, পানি রোধক বডি এবং এস পেন (আইপি৬৮), সর্বোচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থায় যাতে রয়েছে বায়োমেট্রিক অথেন্টিকেশনসহ স্যামসাং নক্স এবং একটি নতুন আইরিশ স্ক্যানিং ফিচার ও এইচডিআর ভিডিও স্ট্রিমিংসহ চিত্তাকর্ষক বিনোদন। গ্যালাক্সি এস৭ এজ- এর অত্যাধুনিক ক্যামেরাটি গ্যালাক্সি নোট৭ এ নিয়ে আসা হয়েছে। এর ডুয়েল পিক্সেল সেন্সর প্রযুক্তি, ওয়াইড অ্যাপারচার এবং দ্রুত অটো ফোকাস ফিচার কম আলোতেও দেবে স্পষ্ট এবং চমকপ্রদ ছবি।
 
এতে আরও রয়েছে, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, গ্যালাক্সি নোট৭ দিচ্ছে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহারের সুবিধা। এর ব্যাটারি ৩,৫০০ এমএএইচ। এতে রয়েছে স্মার্ট ম্যানেজারের মাধ্যমে সহজ পাওয়ার ম্যানেজমেন্ট ইউএক্স এবং দ্রুত চার্জের জন্য ইউএসবি-সি পোর্ট। 
 
স্যামসাং ইলেকট্রনিক্স-এর মোবাইল কমিউনিকেশন বিজনেস-এর প্রেসিডেন্ট ডিজে কোহ্ বলেন, গ্যালাক্সি নোট৭ কার্যক্ষমতা, বিনোদন এবং সর্বোচ্চ নিরাপত্তা ফিচারের সমন্বয়ে গঠিত। আগের থেকে আমাদের জীবনের গতি আরও দ্রুত হয়েছে তাই আমরা গ্যালাক্সি নোট৭ নিয়ে এসেছি যা সর্বাবস্থায় যে কোনো প্রয়োজন মেটাতে সাহায্য করবে। গ্যালাক্সি নোট৭-এর প্রি-বুকিং দ্রুতই শুরু হতে যাচ্ছে। এটি বাংলাদেশে গোল্ড প্লাটিনাম এবং ব্ল্যাক অনিক্স কালারে পাওয়া যাবে।