১৭টি স্থানে পানি বিপদসীমার উপরে

দেশের নদ-নদীর ১৭টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৮টি স্থানে পানি বৃদ্ধি ও ৫৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে।
 
নদ-নদীর একটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ৪টি স্থানের তথ্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা বলা হয়।
 
ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি স্থিতিশীল রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
 
রাজধানী ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরের পূর্বপাশে বালু নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
 
বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী ডেমরায় বালু নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার এবং মিরপুরে তুরাগ নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর- বাসস।