যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আবদুল জলিল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসুল হক এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামি আলী আহমেদ ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। এ সময় ১৮ আসামি খালাস দেয়া হয়।
যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম জানান, ২০০০ সালের ২৯ জুলাই রাতে পূর্বশত্রুতার জের ধরে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিলকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন নিহতের ছেলে সাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আলী আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৮ জনকে খালাস দিয়েছেন আদালত।