দুর্গত এলাকায় পর্যাপ্ত ওষুধ রাখার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারাদেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হবে। ওই সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিত্সা সেবা বিনামূল্যে পাবেন। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট সকাল ৭টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সেদিন মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। শোক দিবসের দিন হাসপাতালের চিকিত্সক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
 
এদিকে দেশের বন্যা এলাকায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৬৯৬টি মেডিক্যাল টিম কাজ করছে। ইতোমধ্যে উপদ্রুত এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য অধিদফতর থেকে খাবার স্যালাইন, কলেরা স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এবং দুর্গত এলাকায় চিকিত্সা কার্যক্রম সংক্রান্ত  অপর এক জরুরি বৈঠকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বন্যা উপদ্রুত এলাকায় রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অঞ্চলের চিকিত্সকদের সার্বক্ষণিক তত্পর থাকতে হবে। বন্যার্তদের মাঝে দ্রুততার সাথে যেন পর্যাপ্ত প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম পৌঁছে দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রয়োজনীয় ওষুধ ও পথ্যের পর্যাপ্ত মজুদ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 
 
উপদ্রুত এলাকায় ৩ হাজার ৩২৭ জনের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। ইতোমধ্যে বন্যাদুর্গত ১৪ জেলার সকল চিকিত্সকের ছুটি বাতিল করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে প্রতিদিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ তথ্য কণিকা প্রকাশ করা হচ্ছে বলে সভায় জানানো হয়। উপদ্রুত অঞ্চলের রোগ ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
 

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসিসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।