আজ হজ ফ্লাইট শুরু

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার হজ যাত্রীরা সৌদি আরব যেতে শুরু করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ আজ সকাল ৮টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাবেন। আগামী ১১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
 
এবছর বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। তারমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫২০০ জন। অবশিষ্ট ৯৯,৫৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ যাত্রীদের পরিবহন করবে বাংলাদেশ বিমান এবং সাউদিয়া এয়ার। হজ ফ্লাইট এবং শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। বিমান দু’মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ২২০ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট।
 
প্রত্যেক হজ-যাত্রী বিনামূল্যে সর্বাধিক ৪৬ কেজি মালামাল বিমানে এবং বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ৫৬ কেজি ও কেবিন ব্যাগেজে ০৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন। কোনো অবস্থাতেই প্রতিটি ব্যাগেজের ওজন ২৩কেজি ও বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না। তাছাড়া প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে;  আর হাজী সাহেবরা ঢাকা ফেরত্ আসার পর তাদের সেটা প্রদান করা হবে।
 
আজ হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ বিকাল ৫টায় ৪১৯ জন এ শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে রাজধানী ঢাকা ছাড়বে। নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম ও সিলেট থেকেও এই বছর প্রয়োজনীয়সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে।