ভূমি আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৬ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
 
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
 
সমাবেশে বক্তব্য রাখেন বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, কলেজ শাখার সভাপতি আজম খান অনিক, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. সেলিম প্রমুখ। 
 
এ আইন বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
 
এদিকে ভূমি আইন সংশোধনীর প্রতিবাদে আগামী ১০ আগস্ট (বুধবার) তিন পার্বত্য জেলায় বাঙালি সংগঠনগুলোর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।