নগরকান্দায় কৃষকের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পান্নু মুন্সি (৪৫) উপজেলার বনকগ্রামের জহুরুল হক মুন্সির ছেলে। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলাধীন নগরকান্দা-পুরাপাড়া সড়কের বনকগ্রাম নামক স্থানে পান্নু মুন্সির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের নাকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
 
পান্নু মুন্সির ভাই গ্রাম্য ডাক্তার টুলু মুন্সি বলেন, ‘আমাদের সাথে একই গ্রামের শাহাদত মুন্সি, বাবু খান ও ওমর খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। প্রায়ই আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। আমাদের ধারণা আমার ভাইয়ের খুনের সঙ্গে তারাই জড়িত।’
 
ওমর আলী খান বলেন, ‘নিজেরা খুন করে আমাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।’
 
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।