চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না রিয়াল মাদ্রিদ। রোনালদোকে ফিরে পেতে সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন দলের কোচ জিনেদিন জিদান।
গত ১০ জুলাই ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে দিমিত্রি পায়েতের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। তারপর থেকে মাঠের বাইরেই আছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রাক মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলছে রিয়াল মাদ্রিদ। সেখানে সাথে নেই রোনালদো।
জিদান বলেন, ‘রোনালদোর এখনও চোট আছে। অবশ্যই সে (মাঠে) ফিরতে চায়, কিন্তু আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে এবং তাকে শান্ত থাকতে হবে। মাদ্রিদে সে শিগগির আমাদের সঙ্গে যোগ দেবে। সবসময়ই সে ক্রিস্তিয়ানো থাকবে। আপনারা আরেক জন ক্রিস্তিয়ানো দেখবেন না।… সে রিয়াল মাদ্রিদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্য সবার মতো কোনো এক দিন সে থামবে, কিন্তু এখন সে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে সে ভালো আছে।’
আগামী মঙ্গলবার উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে রোনালদোর না খেলার কথা আগেই জানিয়েছেন জিদান। আগামী ২১ অগাস্ট লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও তিনবারের বর্ষসেরা ফুটবলারের খেলা নিশ্চিত নয়।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হওয়া প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতার পর সংবাদ সম্মেলনে রোনালদোর চোটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।
গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগালের হয়ে প্রথম ইউরোপ সেরা ট্রফি জেতা রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেন জিদান।