রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে বিভিন্ন বাসা ও মেসে পুলিশের জঙ্গি বিরোধী তল্লাশি অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান শুরু হয়েছে।
সম্প্রতি, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ও কল্যাণপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের জের ধরে গোটা রাজধানীতে সন্দেহজনক বাড়ি ও মেসে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করছে।
তেজগাঁওয়ের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এই অভিযান চালানোর অর্থ হচ্ছে, যদি কোনো অপরাধী-সন্ত্রাসী-জঙ্গি থাকে তাহলে পুলিশের হাতে ধরা পড়বে। অথবা তারা এই এলাকা ছেড়ে চলে যাবে।
বিকাল পাঁচটা পর্যন্ত অভিযানে কাউকে আটক করা হয়নি। তবে সন্দেহজনক বাড়ি ও ম্যাচে অভিযান চলছিল।