রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শাহিন আলম (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যান। শাহিন আলম গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার জমসেদ আলীর ছেলে।
জানা গেছে, শাহিন আলম বিদ্যুৎ বিভাগের কেউ না হলেও টাকার বিনিময়ে বিদ্যুৎ অফিসের লোকজন তাকে দিয়ে নানা কাজ করাতেন। বৃহস্পতিবার উপজেলার উজানপাড়া গ্রামে বিদ্যুতের দুটি খুঁটিতে বিদ্যুৎ সম্প্রসারণের জন্য শাহিনকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে খুঁটির ওপর বিদ্যুতায়িত হয়ে শাহিন মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পিডিবির গোদাগাড়ী বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদের দাবি, শাহিন বিদ্যুৎ অফিসকে না জানিয়েই বিভিন্ন এলাকায় লাইনে কাজ করতেন। বিকেলে তিনি উজানপাড়া গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুতায়িত হন।