কলারাই-মুতিয়ারগাঁও-হলিমপুর রাস্তার বেহাল অবস্থা

ওসমানীনগরের জনগুরুত্বপূর্ণ গ্রামীণ কাঁচা-পাকা সড়কগুলোর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কলারাই বাজার হতে মুতিয়ারগাঁও, ভাগলপুর হয়ে হলিমপুর বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এক একটি মিনি পুকুরে রূপ নিয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
 

এছাড়া সামান্য বৃষ্টি হলে রাস্তাটির মুতিয়ারগাঁও-ভাগলপুর অংশ পানিতে তলিয়ে যায়। রাস্তাটির এ অংশ পানিতে তলিয়ে যাওয়ার কারণে দুই গ্রামের মানুষজনকে প্রায় গৃহবন্দি হয়ে থাকতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১৫টি গ্রামের অর্ধ লাখ বাসিন্দা। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে আর কিছুদিন পর রাস্তাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই সড়কটি সংস্কার করা স্থানীয় বাসিন্দাসহ উপজেলার অধিকাংশ মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের কলারাই বাজার (১৯ মাইল) হতে মুতিয়ারগাঁও-ভাগলপুর হয়ে হলিমপুর বাজার পর্যন্ত রাস্তাটি পাকা করা প্রথম অংশে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কোথাও হাঁটুর উপরে পানি জমে আছে। এছাড়া রাস্তাটি মুতিয়ারগাঁও বড় পুকুরের পাড় হতে ভাগলপুর পর্যন্ত এক কি.মি কাঁচা অংশের অর্ধেক পানিতে তলিয়ে গেছে এবং ইট সলিং উঠে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তটির খানা-খন্দ, গর্ত, ভাঙন এত বেশি পরিমাণ যে যান চলাচল তো দূরের কথা পায়ে হাঁটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।  স্থানীয়রা জানান, সড়কটি ১০ বছর ধরে সংস্কার হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধ্বংসের দাঁড়প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। ব্যস্ততম সড়কটি দিয়ে চলাচল করতে এলাকার মানুষের ভীষণ কষ্ট হচ্ছে।