যশোরে ‘মধ্যরাতে গণপিটুনিতে’ যুবক গুরুতর আহত

বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামান মনি (৩০) নামে এক যুবককে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ওই যুবক উপশহর সি ব্লক এলাকায় ‘মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন’ বলে পুলিশের দাবি। 
 
উপশহর এলাকাবাসী মোটরসাইকেল চোর ধরার কথা নিশ্চিত করেছে। চুরিতে অভিযুক্ত আহত যুবক মনি শহরের পূর্ববারান্দীপাড়ার ঈমান আলীর ছেলে। তাকে ‘পাবলিক অ্যাসাল্ট’ হিসেবে হাসপাতালের রেজিস্টারে নথিভুক্ত করা হয়েছে।
 
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে মনিরুজ্জামান নামে ওই যুবককে হাসপাতালে আনে কোতয়ালী থানা পুলিশ। তার ডান পা গুরুতর জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে মনির অবস্থা আশঙ্কাজনক। মনিকে হাসপাতালে ভর্তি করে অর্থোপেডিক কনসালট্যান্টকে কল করা হয়েছে বলে জানান ডা. ইউসুফ।
 
কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, ‘উপশহর সি ব্লক এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মনিরুজ্জামান মনি নামে ওই যুবককে পাকড়াও করে। জনতার পিটুনিতে সে আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে রাত দেড়টার দিকে উদ্ধার করে হাসপাতালে আনে।’
 
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লকে জনৈক মুনসুর আলীর বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা হয়। মোটরসাইকেলটির মালিক সদর উপজেলার আমদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম পারভেজ মুসা। 
 
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চুরি হচ্ছে দেখে শিক্ষক পারভেজ চিৎকার দেন। এ সময় স্থানীয় জনতা চুরিতে অভিযুক্ত মনিরুজ্জামান মনিকে ধরে পিটুনি দেয়।